ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নূর আহম্মেদ (৩৮) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে শাহিন মোল্লা নামে এক ট্রাকচালকের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, নূর আহম্মেদ নেত্রকোনা জেলার মদন উপজেলার কুলিয়াটি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে। ২০২১ সালের ২৬ মার্চ নান্দাইল মডেল থানায় এএসআই হিসেবে যোগদান করেন তিনি। মামলাসংক্রান্ত বিষয়ে তদন্ত করে আসার পথে গতকাল দুপুর ১২টার দিকে ময়মনসিংহের বাহাদুরনগরে মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই নূর আহম্মেদ মারা যান।
অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক মোহাম্মদ শাহিন মোল্লা (৩২) নিহত হন। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের বাসিন্দা। গতকাল ভোরে উপজেলার কুমিরা বাইপাসের ঘাটঘরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, রাত থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। সামান্য দূরে থাকা গাড়িও স্পষ্ট দেখা যাচ্ছিল না। শাহিন মোল্লা প্লাস্টিকের পণ্যবাহী একটি ট্রাক চালাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে একটি ট্রাক হঠাৎ ব্রেক করে শাহিনের ট্রাকের সামনে থেমে যায়। এতে ওই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন শাহিন। পরে স্থানীয়রা তাকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকটি দেখতে পাননি শাহীন। ব্রেক করেও নিয়ন্ত্রণে আনতে পারেননি তার গাড়িটি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










