ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুলপুর শেরপুর সড়কের ভাইটকান্দির চওড়া বাড়ি নামক স্থানে যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো তিন জন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি আবদুল হাদি আরো বলেন, ট্রাকসহ চালকককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।