মোবাইলে ইন্টারনেট
চালু হয়েছে। টানা দশ দিন বন্ধ থাকার পর দেশের ফোরজি ডেটা সার্ভিস চালু হলেও এখনই ব্যবহার
করা যাচ্ছে না ফেসবুকসহ কয়েকটি সোশ্যাল মিডিয়া। মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রে
এসব তথ্য জানা যায়।
আজ রোববার
(২৮ জুলাই) বেলা তিনটার দিকে ফোরজি চালু হয়েছে। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি
ভবনে এক ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বিষয়টি জানান। তবে ফোরজি নেটওয়ার্কে কোন কোন অ্যাপ থাকবে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী
নির্দিষ্ট করে কিছু বলেননি।
অনেকেই অনেকভাবে
অনেক অ্যাপ ব্যবহার করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ভিপিএন ঝুঁকিপূর্ণ উল্লেখ
করে নিরাপত্তা বিবেচনায় রেখে এগুলো ব্যবহার থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি।
কোটা সংস্কার
আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতের মধ্যে গত ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোরজি নেটওয়ার্ক
বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরদিন ১৮ জুলাই রাত পৌনে নয়টা
থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশই ইন্টারনেট-বিচ্ছিন্ন
ছিল কয়েকদিন।










