যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তিনি বলেন, জনগণের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল তা রক্ষা করব। সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। আমাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা। সবার সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো নির্মূল করা হবে এবং যতদ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচনও দেয়া হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে প্রথম কর্মদিবসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরো বলেন, দেশের মানুষের যে প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী সরকার পরিচালনায় কাজ করব। মানুষের যে সমস্যা ছিল সরকার সেসব সমস্যা সমাধানে কাজ করবে। কৃষকের সমস্যা, মেহনতি মানুষের সমস্যা, কর্মজীবী নারীদের সমস্যা, বেকার সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করবে সরকার।
তিনি আরো বলেন, দেশের আইশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতির অবস্থা যতটা খারাপ ভাবা হচ্ছে, ততটা না। এছাড়া মব কালচারও থাকবে না, আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হচ্ছে। আমাদের ওপর প্রধানমন্ত্রী অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। সব কিছুর ঊর্ধ্বে ওঠে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।










