সিরাজগঞ্জ পৌর এলাকার চর রায়পুর মহল্লায় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমান (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর গ্রামের সুজাব আলীর ছেলে।

নিহতের বোন জামাই আবু হানিফ বাবু জানান, আব্দুর রহমানের ওপর আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। দীর্ঘক্ষণ রক্তক্ষরণ অবস্থায় পড়ে ছিলেন তিনি। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় চর রায়পুর খেলার মাঠ এলাকায় স্থানীয় দুই যুবকের সঙ্গে আব্দুর রহমানের তর্কবিতর্ক হয়। এরপর রাত ৮টার পর ওই এলাকাতেই ছুরিকাঘাতে আহত হন রহমান।

 স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ওই দুই যুবককে শনাক্ত করে তাদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।