ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত নির্মিত দুটি নতুন সার্ভিস সেতু আজ যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। আজ সকাল ১০টায় ধউর সেতুর ওপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেতু দুটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
দুই লেনের এ দুটি সার্ভিস সেতুর প্রতিটির দৈর্ঘ্য ৩ দশমিক ৭১ কিলোমিটার। স্থানীয় ও আঞ্চলিক যানবাহন চলাচল সহজ করার পাশাপাশি মূল এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে যানজট কমাতেও সেতু দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিদেশী ঋণে নির্মিত দেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৪৬ কোটি টাকা। এ হিসাবে প্রতি কিলোমিটার উড়ালসড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় পড়ছে প্রায় ১ হাজার ১২৭ কোটি টাকা।
প্রকল্পের আওতায় ২৪ কিলোমিটার মূল উড়ালপথের পাশাপাশি প্রায় ১১ কিলোমিটার সংযোগ সড়ক বা র্যাম্প নির্মাণ করা হচ্ছে। এছাড়া দুই লেনের নবীনগর ফ্লাইওভার ও বাইপাইলে একটি ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণের কাজও রয়েছে। পাশাপাশি ১৪ কিলোমিটার বিদ্যমান এট-গ্রেড সড়ক পুনর্নির্মাণ, সার্ভিস সেতু, ওভারপাস, সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা, ইউটিলিটি ডাক্ট ও আধুনিক টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে।
প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার সঙ্গে আশুলিয়া, সাভার ও আশপাশের শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। একই সঙ্গে উত্তরবঙ্গমুখী সড়কে যাতায়াতের সময় কমার পাশাপাশি যানজটও অনেকটা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।










