সিলেটের মোগলাবাজার রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের ছোড়া পাথরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) আব্দুল লতিফ আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বিষয়টি গতকাল প্রকাশ পায়।
আব্দুল লতিফ জানান, ট্রেনটি মোগলাবাজার রেলস্টেশন এলাকায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা পাথর নিক্ষেপে করে। জানালার পাশে বসার কারণে পাথরের আঘাতে মাথায় মারাত্মকভাবে জখম হন আব্দুল লতিফ। ট্রেনটি সিলেট রেলস্টেশনে পৌঁছার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









