গতকাল রোববার (২৫ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর আনসার বাহিনী কর্তৃক হামলা, গুলি ও মারধরের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে হামলায় জড়িত আনসার বাহিনীর সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং আহত শিক্ষার্থী-সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে আহ্বান জানায় ইউট্যাব।
আজ সোমবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এই আহ্বান জানান।
ইউট্যাবের নেতৃদ্বয় বলেন, আনসার বাহিনীর কোনো দাবি দাওয়া থাকলে তা আলোচনা সাপেক্ষ বিষয়। কিন্তু তাদের দাবি মেনে নেয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার দু:সাহস দেখালো কীভাবে? আসলে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে। পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো রয়ে গেছে। যারা ইন্ধন দিয়ে দেশকে আবারো অস্থিতিশীল ও অরাজকতা তৈরি করতে চায়। কিন্তু আমরা মনে করি ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে স্বৈরাচারের দোসররার তাসের ঘরে মতো উড়ে যাবে। তাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।










