রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ সময় শিশুসহ ৫৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে হ্রদের শহরের ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন পুষ্প রানী বর্মণ ও চায়না রানী বর্মণ । আহতরা হলেন মীনা রানী বর্মণ, নমিতা বর্মণ ও সতীন্দ্র মণ্ডল। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া জয় চন্দ্র বলেন, ‘‌আমরা জয়পুরহাট থেকে শিবপূজা উপলক্ষে সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আসি। সেখানে পূজা শেষে গতকাল সকালে রাঙ্গামাটিতে বেড়াতে আসি। ফেরার পথে বিকাল সাড়ে ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে নৌকায় পানি উঠতে শুরু করে। ধীরে ধীরে নৌকাটি ডুবে যায়। এ সময় আশপাশের পর্যটকবাহী নৌকার যাত্রীরা দুর্ঘটনায় ডুবে যাওয়া নৌকার পর্যটকদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধারকারী দল যোগ দেয়।’ 

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, ‘‌রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঁচজনকে আনা হয়। তার মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় আনা হয়েছে।  বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছেন।’