বগুড়ায় সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনায় ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত ও আন্তরিক সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

বাংলাদেশ আর্মির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, সকালে রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসগামী একটি ৩ টন ট্রাক বীরগ্রাম এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে ট্রাকে থাকা ১৩ সেনা সদস্য আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেন। আহত সেনা সদস্যদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত এক সৈনিককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

পোস্টে আরো বলা হয়, দুর্ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের মানবিক ও দ্রুত সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।