গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদপ্তরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় বিআরডিবির দুই দিনব্যাপী উপপরিচালক সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, গ্রামীণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিআরডিবির ভূমিকা অনস্বীকার্য। এ সংস্থাকে আরো শক্তিশালী করতে অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হবে। তিনি উল্লেখ করেন, বিআরডিবির কার্যক্রমে আরো গতিশীলতা আনতে শূন্য পদ পূরণ ও পদোন্নতি দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি আরো জানান, চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং নতুন চারটি প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গ্রামীণ মানুষকে স্বাবলম্বী করতে ঋণ সহায়তা ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টার ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিআরডিবির মহাপরিচালক আ. গাফফার খানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মোখলেছুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিআরডিবির যুগ্ম পরিচালক ফারুক আহমেদ জোয়ার্দ্দার প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআরডিবির কর্মীরা উপস্থিত ছিলেন।