জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও অর্থ সহায়তা দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন কোম্পানি।
গতকাল শনিবার (২৬ জুলাই) রাজধানীর পেট্রোবাংলায় ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে (২য় তলা) ‘জুলাই পুনর্জাগরণ’ নামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
এসময় জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন আলোচকরা। আহত যোদ্ধারা সেসময়কার পরিস্থিতি বর্ণনা করেন। আহত জুলাই যোদ্ধা হোসাইন আহমেদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে এমন একটি অনুষ্ঠান আয়োজন ও তাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা জানান। তিনি ৫ই আগস্ট যাত্রাবাড়ী পুলিশ থানার সামনের ঘটনার ও তার অভিজ্ঞতা বর্ণনা করেন।
নিহত ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, পিতার কাছে সন্তানের লাশ সব থেকে ভারী। এসব অনুষ্ঠানে আসলে হৃদয়ে রক্তক্ষরণ আরো বেড়ে যায়, তারপরও সন্তানের জন্য সম্মান পাচ্ছি এটা ভেবে সম্মানিত বোধ করি।
প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেইসঙ্গে তাদের আত্মত্যাগকে জাতির শ্রেষ্ঠ অর্জন বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশে যে এখনো ভালো মানুষ আছে, বাংলাদেশ যে এখনো নষ্ট হয়ে যায়নি, বিশ্বের দরবারে নিজেদের অবস্থানের জন্য বাংলাদেশের মানুষের যে একটা স্পৃহা আছে, দেশের প্রতি যে ভালোবাসা আছে, তার প্রমাণ এই জুলাই বিপ্লব। এটি একটি মাইলফলক। এসময় মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় নিহত সকলের কথা স্মরণ করে শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।
আলোচনা শেষে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এসময় জ্বালানি বিভাগের বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে জুলাই শহীদ ১৬টি পরিবার ও একজন আহতের মাঝে সম্মাননা স্মারক হিসেবে এক লাখ টাকা করে মোট সতেরো লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি জনাব পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান সবাইকে ধন্যবাদ জানান। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতে জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।










