দেশের শেয়ারবাজারে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইয়াওয়ার সাঈদ মারা গেছেন। আজ শনিবার অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি ছয় মাসের বেশি সময় ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। একেবারে শেষ পর্যায়ে তার ক্যান্সার শনাক্ত হয়েছিল। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ইয়াওয়ার সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি দেশের বেসরকারি খাতের প্রথম সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।