নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে দায়িত্বরত এক আনসার সদস্য নিজের শটগান দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৫ টার দিকে এই ঘটনা ঘটে।
সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আফজাল হোসেন নামে ২৫ বছর বয়সী ওই আনসার সদস্য মারা যান৷
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় সে তার সার্ভিস শটগান দিয়ে নিজের মাথায় গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আনসার সদস্যকে হাসপাতালে নিয়ে যাযওয়া হয়। তবে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
তবে এ বিষয়ে আরো তথ্য সংগ্রহের জন্য পুলিশ তদন্ত করছে।
ওসি গোলাম মোস্তফা আরো জানান, কেন সে আত্মহত্যা করেছে তা জানতে কাজ করছে পুলিশ৷
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান সন্ধ্যায় সাংবাদিকদের বলেন,ঘটনার সময় আমি আমার বাসভবনে ছিলাম না। খবর পেয়ে আমি সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে। দ্রুততার সাথে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। শটগানটি ও একটি গুলির খোসা জব্দ করা হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানান ইউএনও।










