গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটির উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের উভয় পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

কারখানার শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বার বার শ্রমিকরা আবেদন করলেও এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না কর্তৃপক্ষ।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখার কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।