বছরের শুরুতেই ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১ টাকা কমাল সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ এক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে জানুয়ারি ২০২৫ মাসের জন্য ডিজেলের বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৫ টাকা থেকে ১ টাকা হ্রাস করে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম লিটার প্রতি ১২৫ টাকা ও পেট্রোলের দাম লিটারপ্রতি ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।