এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ। অপরদিকে পাসের হার সবচেয়ে কম মাদ্রাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাস করেছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সামগ্রিক চিত্র তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭, বরিশাল বোর্ডে ৬০ দশমিক ৩৫, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩, দিনাজপুরে ৫৮ দশমিক ৫, ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ এবং কারিগরি বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত বছর গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ পরীক্ষার্থী ছিল।