বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল
কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব
মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বেলা ৪টায় এই প্রতিবেদন লেখার সময় তারা সায়েন্স ল্যাব
মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব
মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন একদল শিক্ষার্থী। তাদের
মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান
দেয়া হয়। সেখান থেকে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা।
এরপর আবার সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্স
ল্যাব মোড়ের দিকে আসেন আন্দোলনকারীরা। এ সময় বায়তুল মামুর মসজিদের সামনে থাকা বিপুলসংখ্যক
পুলিশকে লক্ষ্য করে তারা 'ভুয়া, ভুয়া' বলে স্লোগান দেন। অবশ্য পুলিশ কোনো প্রতিক্রিয়া
দেখায়নি। পুলিশের সামনে দিয়েই মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ে আসে।
আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নিলেও তারা
আন্দোলনকারীদের বাধা দেয়নি। আন্দোলনের এক পর্যায়ে সেখান থেকে সরে যায় পুলিশ। পুলিশ
সদস্যরা পরে সাইন্স ল্যাব থেকে সরে গিয়ে পাশ্ববর্তী সড়কগুলোতে অবস্থান নেয়। বৃষ্টির
মধ্যে তাদের বিভিন্ন ভবনের নিচেও অবস্থান নিতে দেখা যায়।










