নারায়ণগঞ্জের
সিদ্ধিরগঞ্জের মৌচাক মোড়ে স্থাপিত তল্লাশি চৌকিতে প্রজন্মদলের সভাপতিসহ ছয়জনকে
আটক করেছে পুলিশ৷ সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে যাওয়া
হয়েছে। জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, নাশকতামূলক কোনো কর্মকাণ্ডে
সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে তাদের
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (১০
ডিসেম্বর) বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে জেলার ১১টি স্থানে জেলা পুলিশের তল্লাশি
চৌকি রয়েছে৷ সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় স্থাপিত
তল্লাশি চৌকিতে ছয়জনকে আটকের খবর পাওয়া গিয়েছে।
সিদ্ধিরগঞ্জ
থানার ওসি মশিউর রহমান জানান, আটকদের মধ্যে
একজনের নাম ফারুক হোসেন মিয়াজি (৩৭)৷ তিনি কুমিল্লা জেলা (উত্তর) মুক্তিযোদ্ধা
প্রজন্মদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ৷ তবে আটক অপর পাঁচজনের পরিচয় এখনো জানায়নি
তারা।
জেলা
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান বলেন, সকাল থেকেই মহাসড়কে
তল্লাশি কার্যক্রম চলছে৷ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হিসেবে ওই
ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে৷
জেলা পুলিশ
সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, সাধারণ মানুষের
জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার স্বার্থে পুরো জেলার বিভিন্ন
স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ তারা সতর্ক অবস্থান রয়েছে৷ এখন পর্যন্ত জেলার
সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ ঊর্ধ্বতন নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের
অবস্থান থাকবে৷
সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল, কাচপুর এলাকায় তল্লাশি চৌকিগুলোতে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় পথচারী ও যাত্রীদের ব্যাগ এবং শরীর তল্লাশি করতে দেখা গিয়েছে৷ এমনকি কয়েকজনের মোবাইল নিয়ে ফেসবুক নিউজফিড ও গ্যালারিও চেক করেছে পুলিশ৷ যাত্রীবাহী বাস, সিএনজি, লেগুনাসহ বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিতেও দেখা গিয়েছে তাদের।










