বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ডিসেম্বরের পর দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনই আগামী জাতীয় নির্বাচনে ৫ আগস্টের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। এভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যুর পথ তৈরি হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, তারা ফ্যাসিস্ট। গণতন্ত্রের সঙ্গে তাদের অবস্থান সাংঘর্ষিক। জনগণই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যাবে কি যাবে না।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা গণতন্ত্র ও মানুষ হত্যা করেছে, লাশ পুড়িয়ে দিয়েছে, জনগণকে নির্মমভাবে গুলি করেছে, তাদের এ দেশের মানুষ রাজনীতি করতে দেবে কি না, সেটাও জনগণই ঠিক করবে।

৫ আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর অভিযোগ তুলে তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের জায়গায় অবস্থান করছেন। দেশের ভেতরে এবং বাইরে তার সহযোগীরা নানা ধরনের ষড়যন্ত্র করছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, ডিসেম্বরের পর দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।

আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত আলী, ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান।

সম্মেলনে নেতারা আগামী দিনগুলোতে দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।