রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে রেলপথ অবরোধের ঘটনায় মামলা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল সোমবার (১৩ মার্চ) দিবাগত রাতে অজ্ঞাতনামা কমপক্ষে ৩০০ জনকে আসামি করে রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি দায়ের হয়।
মামলার বাদী পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশল (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। তিনি বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত করায় মামলাটি করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।
মামলায় কারো নাম নেই, আসামিদের অজ্ঞতানামা ‘বিক্ষুব্ধ জনতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কুমার ।
আবেদনে রেলওয়ে কর্তৃপক্ষ
উল্লেখ করেছে, গত ১২ মার্চ রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট
এলাকায় বিক্ষুব্ধ জনতা রেললাইনে আগুন লাগিয়ে দেয়। তাদের এ কর্মকাণ্ডে রেললাইনসহ অন্যান্য
সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় তিনটি কাঠের স্লিপার। রাত সাড়ে ১১টার
দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে নষ্ট হওয়া মালামালের বিপরীতে ৯২টি প্যান্ডল ক্লিপ,
একটি স্টিল স্লিপার এবং তিনটি কাঠের স্লিপার লাগানো হয়। পরে রাত
১২টা ১০ মিনিটে লাইনে ট্রেন চলাচলের জন্য উপযুক্ত হয়।
এর আগে গত ১২ মার্চ নগরীর মতিহার থানার
উপপরিদর্শক (এসআই) আমানত উল্লাহ বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা করেন। এতেও
অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ ওই মামলা
দায়ের করা হয়।
একইদিন বিকেলে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা হয়
মতিহার থানায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে মামলাটি করেন।
গত ১১ মার্চ সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এরপর রাতভর দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগে ঘটনা ঘটে। স্থানীয়দের ইট-পাটকেলে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় শতাধিক।









