ফরিদপুরে বাস উল্টে বাবা-ছেলেসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার জোয়াইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো ছয় জেলায় আটজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ফরিদপুর: মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসছিল ফারাবি পরিবহনের একটি বাস। বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার জোয়াইড় এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। এতে সাতজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার ছেলে ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), দীপা খান (৩৪), চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫), একই এলাকার ফজিরুন নেসা (৬৫) ও লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজিবর শেখ (৪৫)।

আহত যাত্রীরা জানান, নগরকান্দা থেকে তালমা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক তুলনামূলক সরু। সড়কে স্বাভাবিকভাবে চালিয়েই আসছিলেন চালক। তবে বেপরোয়া হয় আঞ্চলিক সড়ক ছেড়ে যখন ঢাকা-বরিশাল মহাসড়কে ওঠেন। যাত্রীরা চালককে নিষেধ করলেও তাতে কর্ণপাত করেননি। দুর্ঘটনাকবলিত স্থানে এসে গতি আরো বাড়িয়ে সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিদ্যুতে খুঁটির সঙ্গে বাসের ধাক্কা লাগে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বাসের নিচে চাপা পড়ে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। হতাহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, গাড়িটি দ্রুতগতির ছিল। একই সঙ্গে আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, মরদেহ দাফনের জন্য নিহতদের পরিবারকে ২০-২৫ হাজার টাকা করে দেয়া হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া: লরির ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে পাঁচ যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি চিনাইর এলাকার টিচার্স ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। আহত অবস্থায় চালকসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যান।

রাজশাহী: জেলার মোহনপুরে ডাম্প ট্রাকের চাকায় লিটন (২৭) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকালে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মৌমাছি বাজারসংলগ্ন কারিগরি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সইপাড়া ট্রাফিক অফিসের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা খড়বোঝাই ভটভটির সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আব্দুস সামাদ (৭০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার যাত্রী শাপলা খাতুন (৪২), মৌমিতা রানী কর্মকার (৬০), মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান (৬৫), রানী বেগম (৪২) ও অপর্ণা (১৩)। মোহনপুর থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলা: মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. হুমায়ুন কবীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে ভোলার ভেদু‌রিয়া সড়কের খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হুমায়ুন কবীর দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরসুভী গ্রামের ইউনুছের ছেলে।

বরগুনা: জেলার আমতলীতে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মো. খলিলুর রহমান নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম: সন্দ্বীপে ট্রলির নিচে চাপা পাড়ে অনিক (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বিকালে উপজেলার বাউরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক ওই গ্রামের বেড়িবাঁধ এলাকার রিয়াদের ছেলে।

পুলিশ জানায়, মালামাল আনলোড করে ট্রলি নিয়ে নাজিরহাট যাচ্ছিলেন রিয়াদ। পথে মৌলভীবাজার এলাকায় শিশুটি বাবার ট্রলিতে ওঠে। কিছুদূর যাওয়ার পর ঝাঁকুনিতে সে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল: ঘাটাইলে ট্রাকচাপায় আকিল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল আষাড়িয়াচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকিল সাগরদিঘি ইউনিয়নের শোলাকুড়া গ্রামের জয়নাল মেম্বারের ছেলে।