শ্রম অভিবাসনে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার আবুধাবি ডায়ালগ ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় নিজ বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
সংলাপের দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করে তিনি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। এসময় আবুধাবি ডায়লগ প্লাটফর্মকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসনের জন্য একটি বিশ্বস্ত ও কার্যকরী হিসেবে উল্লেখ করেন ড. আসিফ নজরুল।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী কর্মীরা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতির পাশাপাশি গন্তব্য দেশগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে এখনও অনেক কর্মী শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশের সম্মিলিত উদ্যোগেই সমাধান সম্ভব।

সরকারের সাম্প্রতিক উদ্যোগ হিসেবে ১০০ শতাংশ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু, প্রি-ডিপার্চার সহায়তা জোরদার, আন্তর্জাতিক মানের দক্ষতা প্রশিক্ষণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের বিষয়গুলো তুলে ধরেন তিনি।
সংলাপের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুলমান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন উপদেষ্টা। এ সময় দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশী প্রবাসীর প্রতি সাধারণ ক্ষমা প্রদর্শনের জন্য আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণ, বিশেষ করে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসাসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে সহযোগিতা কামনা করেন। ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ কমে যাওয়ার বিষয়টিও আলোচনায় তুলে ধরেন ড. আসিফ নজরুল।

এর আগে ৩১ জানুয়ারি পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন ও ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি। বৈঠকগুলোতে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ এবং অভিবাসী কল্যাণে অভিজ্ঞতা বিনিময় ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।
৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটিতে আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়। ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, জ্যেষ্ঠ কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হন।
আবুধাবী ডায়ালগে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৈতিক নিয়োগ, অভিবাসী সুরক্ষা, দক্ষতার স্বীকৃতি ও গন্তব্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারের মাধ্যমে প্রবাসী কর্মীদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।









