এ নিয়ে এখন পর্যন্ত মোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হলো। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের গয়লা এলাকায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল এক মুদি দোকানির বাসভবনে বিছানার নিচে লুকিয়ে রাখা পেট্রল জব্দ করা হয়েছে। এ সময় জরিমানা করা হয়েছে। অভিযুক্ত মুদি দোকানির নাম মো. ইসমাইল হোসেন।

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রল বিক্রির দায়ে কেশব রায় নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে ২৭ লিটার পেট্রল জব্দ করা হয়।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ১১০ লিটার পেট্রল ও ৪২৪ লিটার অকটেন মজুদ পাওয়া যায়।

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে অবৈধভাবে তেল মজুদের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় গত সোমবার রাতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদ করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জ্বালানি তেল মজুদ করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার বাসিন্দা।

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এতে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করেন। অভিযানকালে রোকনের মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে দোকান থেকে ও রোকনের বাড়িতে অভিযান চালিয়ে ১৮ ব্যারেল ও তনাই মোল্লার গদি থেকে ১০ ব্যারেলসহ মোট ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়।