কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় মর্মামত ও উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশের ঢাকাস্থ ১৪ দূতাবাস ও হাইকমিশন। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটি পাঠানো হয়েছে। কূটনৈতিক সূত্র চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে লেখা এ চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছে তারা। গত ২১ জুলাই ঢাকায় বিদেশী কূটনীতিকদের ব্রিফিংয়ের প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এ বিষয়ে চিঠিতে বলা হয়েছে, ‘মিশনপ্রধানদের সঙ্গে আলোচনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের যে ইঙ্গিত আপনি দিয়েছেন, আমরা এর প্রশংসা করছি।’

চিঠিতে যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন মিশনপ্রধানরা। তারা মনে করছেন, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশে-বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।