রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার। এ সময় ব্যালকনিতে ইটপাটকেল ছুড়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলে ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন তিনি। রুমিন ফারহানা যখন ফেসবুক লাইভে ছিলেন তখনও ব্যালকনিতে ইটপাটকেল ছোড়া হয়। গতকাল রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপির এই নেত্রী। এ সময় তিনি বলেন, ‘দুর্বৃত্তরা আমার বাসার ব্যালকনিতে ইটপাটকেল ছোড়ে এবং আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে নিচে নামতে বলছে। একদল ছেলে রাস্তায় এসে আমাকে গালাগাল করে। আমার জানালার কাচ ভাংচুর করেছে। এখনো তারা রাস্তায় অবস্থান করে গালাগাল করেই যাচ্ছে।’