রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে সওজের রিটেইনিং ওয়াল (ধারক দেওয়াল) নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, গত সোমবার রাত ৮টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের লংগদুপাড়া থেকে তারা নিখোঁজ হন। তিন নির্মাণ শ্রমিকের সেলফোন বন্ধ পাওয়া গেছে। নিখোঁজরা হলেন রূপক (১৮), সোহাগ (২০) ও বিশ্বজিৎ (২২)। তিনজনই নেত্রকোনা জেলার বাসিন্দা। 

স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, শ্রমিকদের বন্দুকধারী সন্ত্রাসীরা অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাইছে।

নির্মাণ শ্রমিক সরবরাহকারী ও বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ সদস্য এমদাদুল হক মিলন বলেন, ‘আমাদের তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। সোমবার রাত ৮টা থেকে তাদের পাওয়া যাচ্ছে না। ঘটনার পর আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। যদি অপহরণ হয়েও থাকে সেক্ষেত্রে আমরা সম্ভাব্য জায়গায় কথা বলেছি, কিন্তু তিন শ্রমিকের কোনো হদিস মেলেনি।’

রাঙ্গামাটি-বান্দরবান আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই)। 

এনডিইর সাইট ইঞ্জিনিয়ার রাকিব হোসেন বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, কয়েকজন অস্ত্রধারী তিন শ্রমিককে অপহরণ করেছে। বিস্তারিত প্রকল্প ব্যবস্থাপক জানবেন।’ 

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মমতাজুল আলম বলেন, ‘স্থানীয় কিছু চাঁদাবাজ শ্রমিকদের অপহরণ করে চাঁদা দাবি করেছে। তারা শ্রমিক মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে।’

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন বলেন, ‘সোমবার রাত থেকে তিনজন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি। এখন পর্যন্ত পরিবার কিংবা সংশ্লিষ্টদের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়নি। নিখোঁজ শ্রমিকদের মোবাইল  ফোনগুলো বন্ধ রয়েছে। তবে আমরা এখনো অপহরণ হওয়ার মতো কোনো প্রমাণ পাইনি। তিনজন আত্মগোপনে কিংবা নিখোঁজ থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।’