সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শুন্য পদ দ্রুত পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয় থেক এক বিবৃতিতে এ উদ্যোগের কথা জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েল ওই বিবৃতিতে বলা হয়, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবত এই পদগুলো শুন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এ সমস্যা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২ টি। বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে ৩১ হাজার ৩৯৬ জন কর্মরত আছেন। শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬ টি। শুন্য পদসমুহের মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭ টি।

সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ১০ শতাংশ পদ সংরক্ষণপূর্বক অবশিষ্ট ২ হাজার ৩৮২ টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে (পিএসসি) তে চাহিদা প্রেরণ করা হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য শীঘ্রই বাংলাদেশ কর্মকমিশন হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এছাড়াও জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নং সিভিল আপীল মামলা নিষ্পত্তি হওয়ামাত্র সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি যোগ্য ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

এ নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবলের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি, বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে। সরকারের এই পদক্ষেপের ফলে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে বলে সরকার প্রত্যাশা করছে।