রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, এতদিন কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন চালু ছিল না। তাই আমরা আগামী ১৬ অক্টোবর কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছি। গতকাল বিকালে কুড়িগ্রাম রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক হারুন-অর-রশিদ, রংপুর অঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক শফিকুর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী বলেন, আমরা নতুন ২০০ কোচ ইন্দোনেশিয়া থেকে আমদানি করছি। এর মধ্যে প্রথম চালানে ৫০টির মতো কোচ আমরা পেয়েছি। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রথম চালানে প্রাপ্ত কোচ দিয়ে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে তিনটি ট্রেন চলাচল করবে।
এর মধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস নামে একটি পূর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেনের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। এছাড়া লালমনিরহাট ও রংপুরে যে দুটি এক্সপ্রেস ট্রেন চালু আছে, সেগুলোতে নতুন কোচ দেয়া হচ্ছে। পশ্চিম অঞ্চলের মধ্যে এ এলাকাতেই মিটার গেজ লাইনে ট্রেন চলে।
তিনি আরো বলেন, এতদিন রেল পেছনের দিকে চললেও এখন কিন্তু আমরা সামনের দিকে চলতে শুরু করেছি। এক সময় রেলের যা অবস্থা ছিল, আমরা তা ধরে রাখতে পারিনি। এজন্য এখনো ১০০টি রেল স্টেশন বন্ধ রয়েছে। জরাজীর্ণ রেললাইন ও স্টেশন দ্রুত মেরামত করা হবে।









