তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে পুনঃঅর্থায়ন স্কিম এবং সবুজ কারখানা ভবন নির্মাণ ও সবুজ শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল আহসান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নূরুন্নবী।

এ স্কিমগুলোর আওতায় ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের এবং সবুজ কারখানা ভবন ও পরিবেশবান্ধব টেকসই উৎপাদনে বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে অর্থায়ন সুবিধা দিতে পারবে।

দেশের আইসিটি খাতের বিকাশ এবং সবুজ শিল্পায়নে অর্থায়ন সহায়তা জোরদার করার ক্ষেত্রে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি-র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।