সিলেটে একটি পেট্রল ও সিএনজি পাম্পে হামলার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে ট্যাংকলরি নিয়ে মিছিল হয়েছে। সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের বন্দরবাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
দাবিগুলো হলো পেট্রল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করা, মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত, শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংকলরি থেকে চাঁদাবাজি বন্ধ করা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ মে সকালে সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের মালিকানাধীন এ ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস না দেয়ায় স্টেশনের নজেলম্যান রাজু ও বাদশার ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলাকারীরা নিজেদের ‘ছাত্রলীগের কর্মী’ পরিচয় দিয়ে জোর করে সিরিয়াল ভেঙে গ্যাস নিতে চায়। এ সময় দায়িত্বরত কর্মচারীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় গতকাল গতকাল আন্দোলনে নামেন পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকরা।









