গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার চাঁপড়ীগঞ্জ ও ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী কোচ ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে চালক ও হেলপারসহ ২ জন নিহত হন।
স্থানীয়রা জানান, ঢাকাগামী সবজিবাহী পিকআপটি অতিরিক্ত লোডের কারণে মহাসড়কে উল্টে যায়।পেছন থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ ওই পিকআপকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, চালক আনোয়ার হোসেন মিলন ও হেলপার আশরাফুল আলম।
অন্যদিকে একই দিনে রাত ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ১৮ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তারা মিয়া (৩৮) নামক এক অটোরিকশা চালক নিহত হয়েছেন ।
নিহত তারা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি গ্রামের হাছেন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চলন্ত একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন । গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর আহমেদ বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।










