আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আজ বিকেল ৪টায় রেকর্ড করা হবে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন।

এর আগে এদিন দুপুরে নির্বাচন–পূর্ব প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার কমিশনার এবং ইসি সচিব রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, এক দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপার প্রস্তুতি, রং নির্ধারণ, বিতরণ পদ্ধতি, মক ভোটিংয়ের সময় কাঠামো এবং গণনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সচিব বলেন, রাষ্ট্রপতি এসব বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। একটি ভালো, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, তার চেয়েও বেশি সহযোগিতা দেয়া হবে।

তিনি আরো জানান, রাষ্ট্রপতি পোস্টাল ভোটিং ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিয়েও আগ্রহ প্রকাশ করেন। কমিশন তাকে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ও ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর প্রস্তুতি সম্পর্কে অবহিত করে।