রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার পাশে থাকা রাসায়নিকের গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে। আর এ গ্যাসের প্রভাবে দম বন্ধ ও পরে জ্ঞান হারিয়ে মারা যান তারা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিস্ফোরণের পর আগুন দ্রুত ‘ডেভেলপ স্টেজে’ পৌঁছে যায়। এতে সাদা ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়েন।
তিনি বলেন, যে ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, তার ছাদের দরজায় দুটি তালা লাগানো ছিল। ফলে শ্রমিকেরা ওপর তলায় উঠতে পারেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াশিং কারখানা ভবন ও রাসায়নিক গুদাম—কোনোটিরই অগ্নিনিরাপত্তা সনদ ছিল না।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে ওই কারখানা ও তার বিপরীত পাশে রাসায়নিক গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।










