চট্টগ্রামে এপিপি সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইংয়ের সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে আইনজীবীরা সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। সমাবেশটি পরিচালনা করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদ।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মানজুর আল মতিন বলেন, ‘আমাদের ভাই আলিফ হত্যার শিকার হয়েছেন। তিনি সাম্য ও সম্প্রীতির কথা বলতেন। উগ্রবাদ যেকোনো ধর্ম বা মতবাদ থেকেই আসুক, তা আমাদের প্রতিহত করতে হবে।’
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, ‘ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য মেনে নেয়া হবে না। সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। আলিফ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘আলিফ হত্যাকাণ্ড নিয়ে কিছু দেশী ও বিদেশী মিডিয়া আমাদের দেশের জনগণের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই। আন্তর্জাতিক গণমাধ্যমকে বলব, আপনারা বাংলাদেশ প্রশ্নে দিল্লি বা অন্য কোনো শক্তির প্রেসক্রিপশন ফলো করবেন না।’
সমাবেশে অ্যাডভোকেট আলী নাছের খান, অ্যাডভোকেট মনিরুজ্জামান, অ্যাডভোকেট এরশাদুল বারী মামুন, অ্যাডভোকেট ইশরাত হাসান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম জনি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আরিফসহ আরো বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।










