পর্যটন নগরী কক্সবাজারে শেষ হলো রাখাইনদের তিনদিনের জলকেলি উৎসব। গতকাল উৎসবের সমাপনীতে ঘোর অন্ধকার মাড়িয়ে আলোক জীবনের প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করেন সবাই। ১৭ এপ্রিল ১৩৮৫ রাখাইন অব্দকে বিদায় জানিয়ে বরণ করা হয় ১৩৮৬ নতুন বর্ষকে। রাখাইন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বাদ্য বাজিয়ে দল বেঁধে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে ছুটে যায়। এ সময় তারা পরস্পরের মধ্যে মঙ্গল পানি ছিটিয়ে পুরনো সবকিছু ধুয়ে-মুছে নতুনকে আহ্বান জানান। উৎসবের বর্ণিল আবহে শরিক হয় স্থানীয়সহ পর্যটকরাও।