বাংলাদেশে সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর। বৈঠক শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে সার্জিও গর বলেন, বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং দুদেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান সার্জিও গর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক পোস্টে তিনি বলেন, সার্জিও গরের এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদারে ভূমিকা রাখবে।

সফরের প্রথম দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুদেশের প্রতিনিধিদল অংশ নেয়। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে আলোচনা করেন তিনি।

সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে সার্জিও গরের। এছাড়া রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে পারেন তিনি। সফরের শেষ দিনে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের কথা রয়েছে।

বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের ধারাবাহিক সফরের অংশ হিসেবে সার্জিও গরের এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ মে মাসে বাংলাদেশ সফর করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউজের প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন।

নয়াদিল্লিকে কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেয়ার দায়িত্ব পালন করছেন সার্জিও গর। এর আওতায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলংকা ও ভুটানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়েও কাজ করছেন তিনি।