কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩-এর কাছে এ গুলির ঘটনা ঘটে। নিহতের নাম শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮)। খবর পেয়ে গতকাল সকালে রৌমারী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্ত দিয়ে গত শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের একটি দল সীমান্তে মাদক পাচারের উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে আহত ফকির চাঁদকে তাদের সঙ্গীয় লোকজন রৌমারী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনতাসির বিল্ল্যা জানান, নিহত শাহীনুর রহমান ফকির চাঁদের মরদেহ রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় ৩৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুল এ কে আজাদ জানান, গত শুক্রবার গভীর রাতে মাদক পাচারের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে যান একদল যুবক। এ সময় সেখানে দায়িত্বরত বিএসএসফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে শাহীনুর রহমান ফকির চাঁদ গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে।










