চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আজ আজ সোমবার দুপুরে উপজেলার আসমানখালী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় জব্দকরা ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, আসমানখালী বাজারের মেসার্স হক ফার্মেসি ও মেসার্স শিলু স্টোরে অভিযান চালানো হয়। এসময় হক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বিক্রি নিষিদ্ধ ফিজিসিয়ান স্যাম্পলের সন্ধান পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৫১ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকরা ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়।
অপরদিকে মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করার দায়ে মেসার্স শিলু স্টোরে মালিককে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সজল আহম্মেদ।









