ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করছেন রাজশাহী নগরীর ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। গতকাল সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ধর্মঘট। ভাড়া না বাড়ানো পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে সকাল থেকেই অটোরিকশাশূন্য রাজশাহী নগরীতে চলাচলে বিপাকে পড়েন যাত্রীরা। ব্যাটারিচালিত রিকশা চললেও ভাড়া গুনতে হয় কয়েক গুণ।
জানা যায়, ভাড়া বাড়ানোর দাবিতে গতকাল সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও মালিকদের ব্যানারে নগরীর রেলগেট এলাকায় সমাবেশ হয়েছে। সেখান থেকে মিছিল নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাড়া বাড়ানোর ঘোষণা দিলেই আন্দোলন থেকে সরে আসারও ঘোষণা দেন তারা।
কিন্তু মেয়র লিটন ওই সময় নগর ভবনে ছিলেন না। দুপুরের দিকে রাসিক কাউন্সিলর আব্দুল মোমিন, তৌহিদুল হক সুমন, আনোয়ার হোসেন আনার ও এসএম মাহবুবুল হক পাভেল আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
সংকট নিরসনে আজ বেলা ৩টার দিকে মালিক-চালকদের প্রতিনিধিদের নিয়ে নগর ভবনে মেয়রের বৈঠকের কথা জানান। নগরবাসীকে জিম্মি না করে এ সময় অটোরিকশা চালকদের আন্দোলন থেকে সরে আসারও অনুরোধ জানান। কিন্তু কাউন্সিলরদের সেই ঘোষণায় সাড়া দেননি আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অটোরিকশা চালাবেন না।
আন্দোলনরত অটোরিকশা চালকদের দাবি, এখন সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। আবার নগরীতে অটোরিকশা চলে পালা করে। ফলে চড়া দ্রব্যমূল্যের বাজারে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে। তারা ভাড়া কমপক্ষে ১০ টাকা চান। ভাড়া না বাড়লে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তারা।










