নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সঙ্গে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির এক বার্তায় প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

ওই বার্তায় বলা হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফলসংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রসঙ্গে জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সঙ্গে গণনা করা হবে। উল্লেখিত সময়সীমার আগে ভোটের ফলাফল জানার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে যেকোনো ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

সালীম আহমাদ খান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৮ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন এরই মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

৪ লাখ ৪৪ হাজার ৯৫২ প্রবাসী ভোটার তাদের ব্যালট-সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৬ লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন।