চুরি করতে গিয়ে টেরই পাননি সকাল হয়েছে। যখন বুঝতে পারলেন ততক্ষণে দোকানের সামনে অনেক মানুষের আনাগোনা। ব্যাগভর্তি চুরির মালপত্র নিয়ে বের হতে গেলে ধরা পড়ে গণপিটুনির শিকার হতে পারেন—এমন শঙ্কায় ৯৯৯-এ কল করে সহায়তা চান।

পুলিশ এসে বিপদে পড়া লোকটিকে খুঁজে পাচ্ছিলেন না। যখন পেলেন তখন চোখ ছানাবড়া। শেষে দোকান খুলে সহায়তাপ্রার্থী চোরকে উদ্ধারের পর গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার এলাকায়।

গ্রেফতার ব্যক্তির নাম ইয়াছিন খান (৪১)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা হলেও বরিশাল নগরীর কালুশাহ সড়কের একটি ভাড়া বাসায় থাকেন।

গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান, ধরা পড়ে গেলে স্থানীয়দের হাতে মারধরের শিকার হতে পারেন এ ভয় থেকে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যখন বন্ধ একটি দোকানের মধ্য থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করেন, তখন স্বীকার করেন পেশায় তিনি চোর। ভোরে জরুরি সেবা থেকে আমাদের কাছে তথ্য আসে চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার এলাকায় বিপদে পড়েছেন এক ব্যক্তি।