বাংলাদেশে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা বিদায়ী সাক্ষাৎ করতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির প্রধান মানবিক কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্যসেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় আইএফআরসির কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সরকারের অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শামা ওবায়েদ ইসলাম বোকানেগ্রাকে সফলভাবে দায়িত্ব সম্পন্ন করায় অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বে তার ভূমিকার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে আইএফআরসির সঙ্গে দেশের দীর্ঘদিনের অংশীদারত্বের কথা স্মরণ করেন এবং জরুরি সাড়া প্রদান ও মানবিক সহায়তায় সংস্থাটির গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে আইএফআরসির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন।

তিনি বাংলাদেশে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবেলায় সংস্থাটির সহায়তারও প্রশংসা করেন।

জলবায়ুজনিত দুর্যোগের প্রতি বাংলাদেশের ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষাপটে শামা ওবায়েদ ইসলাম নারী ও শিশুদের চাহিদা ও ঝুঁকিকে অগ্রাধিকার দিয়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।