মিরসরাইয়ে ঘরে ঢুকে শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালাপত্র নিয়ে গেছে ডাকাত দল। গত শুক্রবার রাত ৩টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া চৌমুহানী মার্কেট এলাকার এরশাদুল্লার ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাভীব আব্দুল্লাহ ও ওসি মজিবুর রহমান।

মিরসরাই থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া চৌমুহানী মার্কেট এলাকার এরশাদুল্লা চাকরিজীবী। শুক্রবার রাত ৩টায় পাঁচ-সাতজনের একটি ডাকাত দল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তার শিশুকে জিম্মি করে ফেলে। এ সময় তার স্ত্রীকে চিত্কার করলে কোলের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৫ হাজার টাকা নিয়ে যায়।