স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। তারা নাকি সেদিন লাখ লাখ লোক নিয়ে আসবে। ঢাকাকে অচল করে দেবে। সরকার পতনের দাবি তুলবে। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে ওখানেই (দলীয় কার্যালয়ে) বসবাস করবেন, ওখানেই থাকবেন। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। বিকাল ৩টার দিকে তিনি শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। ভবন উদ্বোধন উপলক্ষে থানা চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি, সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্য দলগুলো গডফাদার, বন্দুকের নল ও নানা ধরনের ফন্দিফিকিরের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করেন, যা আওয়ামী লীগ কোনো দিন চিন্তা করে না।

তিনি বলেন, তারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসছেন। সেজন্যই তারা নানা ধরনের ফন্দিফিকির, নানা ধরনের ষড়যন্ত্রের চিন্তা করেন। যেটা আওয়ামী লীগ কখনোই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে।

হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহমুদ মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান।

উল্লেখ্য, শায়েস্তাগঞ্জের বড়চর মৌজায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ১০০ শতক জমির ওপর সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন থানা ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনের চারপাশে নানা রকম ফুল ও ফলের বাগান গড়ে তোলা হয়েছে। ভবন অভ্যন্তরে আধুনিক সভাকক্ষ, কর্মকর্তাদের বসার জন্য দৃষ্টিনন্দন অফিস রুমসহ অত্যাধুনিক সব সুযোগ রয়েছে।