ময়মনসিংহ, সুনামগঞ্জ ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহের তারাকান্দায় বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে সুনামগঞ্জের মদনপুরে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জাবেদ মিয়া নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, বৃষ্টিপাতের কারণে মদনপুর এলাকায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল সড়কে সুনামগঞ্জগামী একটি পণ্যবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক জাবেদ মিয়া মারা যান।
এছাড়া পিরোজপুরের নেছারাবাদে গাড়ির ধাক্কায় আব্দুল মান্নান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে উপজেলার কুনিয়ারী সড়কের সংগীতকাঠি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আব্দুল মান্নান উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুনিয়ারী গ্রামের মো. আসমান আলী হাওলাদারের ছেলে। নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাককে ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ৩০ শ্রমিক আহত হয়েছেন। সকালে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগই নারী। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।










