বাগেরহাট শহরের একটি বেকারির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আজিম শেখ নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারির কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আজিম শেখ বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা গ্রামের এমদাদ শেখের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, ফ্যাক্টরির দোতলায় কাঠের গুঁড়ির রুমের পাশে একটি মোটর রয়েছে। সেখানে শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিন মাহমুদ বলেন, শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারির কারখানায় আগুন লাগে।