রাজশাহী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে অকৃতকার্য থেকে পাস করেছেন ২৪ শিক্ষার্থী। গতকাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানিয়েছেন, গত ৮ ফেব্রুয়ারি এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ৩ হাজার ৯১৪ পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৮৬ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য থেকে পাস করেছেন ২৪ জন। তবে পুনর্নিরীক্ষণে এবার কেউ জিপিএ ৫ পাননি। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।
রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণী বিশ্লেষণে দেখা যায়, এইচএসসিতে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৬ হাজার ৭০০ জন। পাস করেছেন ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৭৭ দশমিক ৭৭ শতাংশ ছেলে এবং ৮৫ দশমিক ৮৯ শতাংশ মেয়ে। কেবল পাসের হারই নয়, জিপিএ ৫ প্রাপ্তির দিক দিয়েও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। এ বছর ১১ হাজার ৯৫৭ ছাত্রী এবং ৯ হাজার ৮৯৮ জন ছাত্রসহ জিপিএ ৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।









