সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না।’

গতকাল রাজধানীর বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এটা সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। বিএনপি-জামায়াত এ আন্দোলনে ভর করেছে। তাদের দীর্ঘদিনের ব্যর্থতার জন্য এমন হামলা। তারা গণতন্ত্র মানে না, তারা আগুন ও অস্ত্র নিয়ে নেমেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘হামলাকারীদের ফুটেজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেয়া হয়েছে। হামলাকারীরা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিল। তারা শেখ হাসিনার সব অর্জন ধ্বংস করতে চায়। এসব ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রী কষ্ট পাচ্ছেন।’

মেট্রোরেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘৩০ মিনিটের পথ ২ ঘণ্টায়ও যেতে পারছে না।’

মন্ত্রী বলেন, ‘আন্দোলনে ভর করে যারা রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যখন যেখানে যা করার, আমরা তাই করব।’