কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত এক বাংলাদেশী যুবক মারা গেছেন। গতকাল ভোররাতে ভারত থেকে গরু আনতে গেলে জামাল (২১) নামের ওই যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এ ঘটনার পর গুলিবিদ্ধ জামালকে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে বিকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি। নিহত জামাল নারায়ণপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মন্ত্রীর চর গ্রামের লুত্ফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে পাখিউড়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হন জামাল। মামলা এড়াতে ঘটনার পর পরই গুলিবিদ্ধ জামালকে নিয়ে তার পরিবারের লোকজন গা ঢাকা দেয়। গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে বিকালে বাড়ি তল্লাশি করে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে জামালের পরিবারের দাবি, বিএসএফের গুলিতে গুরুতর আহত জামালকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন।









